বেহাগ আমি কেবলি স্বপন করেছি বপন      বাতাসে― তাই আকাশকুসুম করিনু চয়ন      হতাশে।   ছায়ার মতন মিলায় ধরণী,   কূল নাহি পায় আশার তরণী,   মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায়      আকাশে। কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা      বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর      সাধনে।   আপনার মনে বসিয়া একেলা   অনলশিখায় কী করিনু খেলা,   দিনশেষে দেখি ছাই হল সব      হুতাশে। আমি কেবলি স্বপন করেছি বপন      বাতাসে। ৮ আশ্বিন ১৩০৪ বলেশ্বরী — কল্পনা (1900)