জন্মদিনের গান বেহাগ। চৌতাল ভয় হতে তব অভয়-মাঝারে     নূতন জনম দাও হে! দীনতা হইতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্যসদনে, জড়তা হইতে নবীন জীবনে     নূতন জনম দাও হে! আমার ইচ্ছা হইতে হে প্রভু,     তোমার ইচ্ছা-মাঝে, আমার স্বার্থ হইতে হে প্রভু,     তব মঙ্গল-কাজে— অনেক হইতে একের ডোরে, সুখদুখ হইতে শান্তিক্রোড়ে, আমা হতে নাথ, তোমাতে মোরে     নূতন জনম দাও হে! — কল্পনা (1900)