হে রাজেন্দ্র, তব হাতে কাল অন্তহীন।   গণনা কেহ না করে, রাত্রি আর দিন   আসে যায়, ফুটে ঝরে যুগযুগান্তরা।   বিলম্ব নাহিকো তব, নাহি তব ত্বরা—   প্রতীক্ষা করিতে জান। শত বর্ষ ধ’রে   একটি পুষ্পের কলি ফুটাবার তরে   চলে তব ধীর আয়োজন। কাল নাই   আমাদের হাতে; কাড়াকাড়ি করে তাই   সবে মিলে, দেরি কারো নাহি সহে কভু।     আগে তাই সকালের সব সেবা প্রভু,     শেষ করে দিতে দিতে কেটে যায় কাল—     শূন্য পড়ে থাকে হায় তব পূজাথাল।       অসময়ে ছুটে আসি, মনে বাসি ভয়—       এসে দেখি, যায় নাই তোমার সময়। — নৈবেদ্য (1901)