এত আলো জ্বালিয়েছ এই গগনে      কী উৎসবের লগনে। সব আলোটি কেমন ক’রে ফেল আমার মুখের ’পরে,    আপনি থাক আলোর পিছনে॥ প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে    কী উৎসবের লগনে—   সব আলো তার কেমন ক’রে   পড়ে তোমার মুখের ’পরে,    আপনি পড়ি আলোর পিছনে॥ ২০ ফাল্গুন ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)