একা আমি ফিরব না আর            এমন করে-         নিজের মনে কোণে কোণে            মোহের ঘোরে।      তোমার একলা বাহুর বাধন দিয়ে         ছোট করে ঘিরতে গিয়ে         শুধু এ আপনারেই বাঁধি           আপন ডোরে।  যখন আমি পাব তোমায়    নিখিল মাঝে  সেইখানে হৃদয়ে পাব    হৃদয়-রাজে। এই চিত্ত আমার বৃন্ত কেবল,  তারি পরে বিশ্বকমল;  তারি পরে পূর্ণ প্রকাশ    দেখাও মোরে॥ ২ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)