এই যে তোমার প্রেম ওগো     হৃদয়হরণ! এই যে পাতায় আলো নাচে     সোনার বরণ।      এই যে মধুর আলস ভবে      মেঘ ভেসে যায় আকাশ পরে,      এই যে বাতাস দেহে করে          অমৃত ক্ষরণ।      এই ত তোমার প্রেম, ওগো          হৃদয়হরণ! প্রভাত আলোর ধারায় আমার     নয়ন ভেসেছে! এই তোমারি প্রেমের বাণী     প্রাণে এসেছে।      তোমারি মুখ ঐ নুয়েছে,      মুখে আমার চোখ থুয়েছে,      আমার হৃদয় আজ ছুঁয়েছে           তোমারি চরণ। ১৬ ভাদ্র ১৩১৬ — গীতাঞ্জলি (1910)