এবার ভাসিয়ে দিতে হবে আমার          এই তরী।     তীরে বসে যায় যে বেলা,          মরি গো মরি।     ফুল-ফোটানো সারা ক’রে     বসন্ত যে গেল সরে,     নিয়ে ঝরা ফুলের ডালা          বলো কী করি॥     জল উঠেছে ছল্‌ছলিয়ে,          ঢেউ উঠেছে দুলে,     মর্মরিয়ে ঝরে পাতা          বিজন তরুমূলে।     শূন্যমনে কোথায় তাকাস্।     সকল বাতাস সকল আকাশ     ঐ পারের ঐ বাঁশির সুরে          উঠে শিহরি॥ ২৬ চৈত্র ১৩১৮ শিলাইদহ — গীতিমাল্য (1914)