এখনো দুর্ব্বোধ! জীবন কেটেছে এক সাথে, দুঃখে সুখে, বসন্তে বর্ষাতে, একই ঘরে গেছে দিন রাত, বিবাহে মিলেছে হাতে হাত, কত লীলা, কত খেলা, কত সে প্রমোদ; তবু হায়, তবুও দুর্ব্বোধ! এখনো দুর্ব্বোধ! শৈশবের স্মৃতি মমতার, প্রশংসা, সস্নেহ তিরস্কার, ভুল করা, উপদেশ পাওয়া, দেশে দেশে সঙ্গে সঙ্গে যাওয়া; বিমুখ, বিরূপ শেষে—হয় তো বিরোধ পরস্পর, এমনি দুর্ব্বোধ! তবু ও দুর্ব্বোধ! একই কাজে এক যোগে থেকে, পরস্পরে ‘মিতা’ বলে ডেকে, দ্বন্দ্ব ক’রে, বুকে টেনে নিয়ে, অকুষ্টিতে প্রাণ খুলে দিয়ে, আঁখি আড়ে ছাড়াছাড়ি শেষে জন্মশোধ; দেখা হলে তখন দুর্ব্বোধ! তবুও হয়না পরিচয়! মানুষ কি একান্ত একাকী,— ভাবি আর স্তব্ধ হয়ে থাকি! জনে জনে গণ্ডী দিয়ে দিয়ে, প্রকৃতি গো রেখেছ ঘিরিয়ে; গণ্ডী শুধু গণ্ডী ছোঁয়, মিলন না হয়; হয়না যথার্থ পরিচয়। হাউটন্‌।