সকলে সুধায়, কেন খিন্ন দিন দিন,— কেন আমি দুঃখে বিমলিন? সদাই বিরস কেন সদাই বিমনা? কৈশোরে এত কি দুর্ভাবনা? হায়! তা’রা বুঝে না রে এ মৃত্যু-যাতনা, ঘুচাতে যা’ কেহ পারিবে না,— বিনা সে মধুর হাসি, বিনা সে চাহনি,— (জগত-ভুলানো নিঝরিণী;) কে ঘুচাবে দুঃখ জ্বালা? কে বর্ষিবে ঘুম? হাহাকার করিবে নিঝুম! সে কঠিনা, ক্ষমাহীনা, সুন্দরী সে নারী, শিলা-সুকঠোর হিয়া তা’রি! সে জানিতে নাহি চায় কেন আমি ক্ষীণ, কেন বা গুমরি নিশি দিন; আনন্দে যখনি, হায়, বিমুগ্ধ নয়নে চাহি সে মধুর মুখ পানে,— চাঁদ মুখ ঘিরে ফেলে মেঘে, কুটিল ভ্রুকুটি কি যে উঠে, হায়, জেগে; বিরহে, নৈরাশ্যে, সদা ডুবে আছি তাই, ক্ষুব্ধ খেদ ভিন্ন কিছু নাই; জীবন বিজন মোর, গহন সে হায়, বিষাদের বিষ-লতিকায়। মাইকেল মধুসূদন দত্ত।