অয়ি ধূলি, অয়ি তুচ্ছ, অয়ি দীনহীনা, সকলের নিয়ে থাক নীচতম জনে বক্ষে বাঁধিবার তরে;—সহি’ সর্ব্ব ঘৃণা কারে নাহি কর ঘৃণা। গৈরিক বসনে হে ব্রতচারিণী তুমি সাজি উদাসীন বিশ্বজনে পালিতেছ আপন ভবনে। নিজেরে গোপন করি’, অয়ি বিমলিনা, সৌন্দর্য্য বিকশি তোল বিশ্বের নয়নে;— বিস্তারিছ কোমলতা, হে শুষ্ক কঠিনা, হে দরিদ্রা, পূর্ণা তুমি রত্নে ধান্যে ধনে! হে আত্মবিস্মৃতা, বিশ্ব-চরণ-বিলীনা, বিস্মৃতেরে ঢেকে রাখ অঞ্চল বসনে। নূতনেরে নির্ব্বিচারে কোলে লহ তুলি, পুরাতনে বক্ষে ধর, হে জননী ধূলি! ১৫ ফাল্গুন, ১৩০২। — চিত্রা (1896)