দেবী চৌধুরাণী — প্রথম খণ্ড · প্রথম পরিচ্ছেদ
প্রথম খণ্ড
প্রথম পরিচ্ছেদ
“ও পি—ও পিপি—ও প্রফুল্ল—ও পোড়ারমুখী।”
“যাই মা।”
মা ডাকিল—মেয়ে কাছে আসিল। বলিল, “কেন মা?”
মা বলিল, “যা না—ঘোষেদের বাড়ী থেকে একটা বেগুন চেয়ে নিয়ে আয় না।”
প্রফুল্লমুখী বলিল, “আমি পারিব না। আমার চাইতে লজ্জা করে।”
মা। তবে খাবি কি? আজ ঘরে যে কিছু নেই।
প্র। তা শুধু ভাত খাব। রোজ রোজ চেয়ে খাব কেন গা?
মা। যেমন অদৃষ্ট ক’রে এসেছিলি। কাঙ্গাল গরিবের চাইতে লজ্জা কি?
প্রফুল্ল কথা কহিল না। মা বলিল, “তুই তবে ভাত চড়াইয়া দে, আমি কিছু তরকারির চেষ্টায় যাই।”
প্রফুল্ল বলিল, “আমার মাথা খাও, আর চাইতে যাইও না। ঘরে চাল আছে, নুণ আছে, গাছে কাঁচা লঙ্কা আছে—মেয়েমানুষের তাই ঢের।”
অগত্যা প্রফুল্লের মাতা সম্মত হইল। ভাতের জল চড়াইয়াছিল, মা চাল ধুইতে গেল। চাল ধুইবার জন্য ধুচুনী হাতে করিয়া মাতা গালে হাত দিল। বলিল, “চাল কই?” প্রফুল্লকে দেখাইল, আধমুটা চাউল আছে মাত্র—তাহা একজনেরও আধপেটা হইবে না।
মা ধুচুনী হাতে করিয়া বাহির হইল। প্রফুল্ল বলিল, “কোথা যাও?”
মা। চাল ধার করিয়া আনি—নহিলে শুধু ভাতই কপালে যোটে কই?
প্র। আমরা লোকের কত চাল ধারি—শোধ দিতে পারি না—তুমি আর চালধার করিও না।
মা। আবাগীর মেয়ে, খাবি কি? ঘরে যে একটি পয়সা নাই।
প্র। উপস্ করিব।
মা। উপস্ করিয়া কয়দিন বাঁচিবি?
প্র। না হয় মরিব।
মা। আমি মরিলে যা হয় করিস্; তুই উপস্ করিয়া মরিবি, আমি চক্ষে দেখিতে পারিব না। যেমন করিয়া পারি, ভিক্ষা করিয়া তোকে খাওয়াইব।
প্র। ভিক্ষাই বা কেন করিতে হইবে? এক দিনের উপবাসে মানুষ মরে না। এসো না, মায়ে ঝিয়ে আজ পৈতে তুলি। কাল বেচিয়া কড়ি করিব।
মা। সূতা কই?
প্র। কেন, চরকা আছে।
মা। পাঁজ কই?
তখন প্রফুল্লমুখী অধোবদনে রোদন করিতে লাগিল। মা ধুচুনী হাতে আবার চাউল ধার করিয়া আনিতে চলিল, তখন প্রফুল্ল মার হাত হইতে ধুচুনী কাড়িয়া লইয়া তফাতে রাখিল। বলিল, “মা, আমি কেন চেয়ে ধার ক’রে খাব—আমার ত সব আছে?”
মা চক্ষের জল মুছাইয়া বলিল, “সবই ত আছে মা—কপালে ঘটিল কৈ?”
প্র। কেন ঘটে না মা—আমি কি অপরাধ করিয়াছি যে, শ্বশুরের অন্ন থাকিতে আমি খাইতে পাইব না?
মা। এই অভাগীর পেটে হয়েছিলে, এই অপরাধ—আর তোমার কপাল। নহিলে তোমার অন্ন খায় কে?
প্র। শোন মা, আমি আজ মন ঠিক করিয়াছি—শ্বশুরের অন্ন কপালে যোটে, তবে খাইব—নহিলে আর খাইব না। তুমি চেয়ে চিন্তে যে প্রকারে পার, আনিয়া খাও। খাইয়া আমাকে সঙ্গে করিয়া শ্বশুরবাড়ী রাখিয়া আইস।
মা। সে কি মা! তাও কি হয়?
প্র। কেন হয় না মা?
মা। না নিতে এলে কি শ্বশুরবাড়ী যেতে আছে?
প্র। পরের বাড়ী চেয়ে খেতে আছে, আর না নিতে এলে আপনার শ্বশুরবাড়ী যেতে নেই?
মা। তারা যে কখনও তোমার নাম করে না।
প্র। না করুক—তাতে আমার অপমান নাই। যাহাদের উপর আমার ভরণপোষণের ভার, তাহাদের কাছে অন্নের ভিক্ষা করিতে আমার অপমান নাই। আপনার ধন আপনি চাহিয়া খাইব—তাহাতে আমার লজ্জা কি?
মা চুপ করিয়া কাঁদিতে লাগিল। প্রফুল্ল বলিল, “তোমাকে একা রাখিয়া আমি যাইতে চাহিতাম না—কিন্তু আমার দুঃখ ঘুচিলে তোমারও দুঃখ কমিবে, এই ভরসায় যাইতে চাহিতেছি।”
মাতে মেয়েতে অনেক কথাবার্ত্তা হইল। মা বুঝিল যে, মেয়ের পরামর্শই ঠিক। তখন মা, যে কয়টি চাউল ছিল, তাহা রাঁধিল। কিন্তু প্রফুল্ল কিছুতেই খাইল না। কাজেই তাহার মাতাও খাইল না। তখন প্রফুল্ল বলিল, “তবে আর বেলা কাটাইয়া কি হইবে? অনেক পথ।”
তাহার মাতা বলিল, “আয় তোর চুলটা বাঁধিয়া দিই।”
প্রফুল্ল বলিল, “না, থাক্।”
মা ভাবিল, “থাক্। আমার মেয়েকে সাজাইতে হয় না।”
মেয়ে ভাবিল, “থাক্। সেজে গুজে কি ভুলাইতে যাইব? ছি!”
তখন দুই জনে মলিন বেশে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন।
— দেবী চৌধুরাণী (1884)
Comments (0)
Log in to join the conversation.