চিত্ত আমার হারাল আজ মেঘের মাঝখানে, কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে। বিজুলি তার বীণার তারে আঘাত করে বারে বারে, বুকের মাঝে বজ্র বাজে কি মহা তানে! পুঞ্জ পুঞ্জ ভারে ভারে নিবিড় নীল অন্ধকারে জড়ালরে অঙ্গ আমার ছড়াল প্রাণে। পাগল হাওয়া নৃত্যে মাতি হল আমার সাথের সার্থী অট্টহাসে ধায় কোথা সে বারণ না মানে। ১৮ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)