চির-শরণ। আমার রাখাল আপনি দয়াল, আমার ভাবনা কিরে? তিনি রেখেছেন শ্যামল ক্ষেত্রে শান্ত হ্রদের তীরে; তিনিই আমার দুর্ব্বল চিতে শক্তি করেন দান, সুপথে চালান আমায় দয়াল নামের রাখিতে মান; মরণের ছায়া ঘিরে যদি তবু করিব না কিছু ভয়, তুমি আছ সাথে সহায়! শরণ! জানি আমি নিশ্চয়। শত্রু পুরীতে রক্ষা করেছ আমারে দণ্ডধর! অভিষেক মোরে করি’ আনন্দে ভরেছ এ অন্তর; এমনি করুণা রহে যেন প্রভু! মোর ’পরে চিরদিন, চিরদিন যেন তোমারি ছায়ায় রহিগো ভাবনা হীন। রাজা দায়ুদ।