ঘুচবে জ্বালা পুঁথির পালা ভাবছি সারাক্ষণ--- পোড়া স্কুলের পড়ার পরে আর কি বসে মন? দশটা থেকেই নষ্ট খেলা, ঘণ্টা হতেই শুরু প্রাণটা করে ‘পালাই পালাই’ মনটা উড়ু উড়ু--- পড়ার কথা খাতায় পাতায়, মাথায় নাহি ঢোকে! মন চলে না, মুখ চলে যায় আবোল তাবোল বকে! কানটা ঘোরে কোন মুলুকে হুঁশ থাকে না তার, এ কান দিয়ে ঢুকলে কথা ও কান দিয়ে পার। চোখ থাকে না আর কিছুতেই, কেবল দেখে ঘড়ি, বোর্ডে আঁকা অঙ্ক ঠেকে আঁচড়কাটা খড়ি! কল্পনাটা স্বপ্নে চড়ে ছুটছে মাঠে ঘাটে--- আর কি রে মন বাঁধন মানে? ফিরতে কি চায় পাঠে? পড়ার চাপে ছটফটিয়ে আর কি রে দিন চলে? ঝপ করে মন ঝাঁপ দিয়ে পড় ছটির বন্যাজলে॥ সন্দেশ-১৩২৫