ছিন্ন করে লও হে মোরে            আর বিলম্ব নয়।         ধূলায় পাছে ঝরে পড়ি            এই জাগে মোর ভয়         এ ফুল তোমার মালার মাঝে         ঠাঁই পাবে কি, জানি না যে,         তবু তোমার আঘাতটি তার            ভাগ্যে যেন রয়।         ছিন্ন কর ছিন্ন কর            আর বিলম্ব নয়।  কখন যে দিন ফুরিয়ে যাবে,    আসবে আঁধার করে,  কখন্ তোমার পূজার বেলা।    কাটবে অগোচরে।  যেটুকু এর রং ধরেছে,  গন্ধে সুধায় বুক ভরেছে,  তোমার সেবায় লও সেটুকু    থাকতে সুসময়।  ছিন্ন কর ছিন্ন কর    আর বিলম্ব নয়॥ ৩ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)