অচির বসন্ত হায় এলো, গেলো চ’লে, এবার কিছু কি কবি ক’রেছো সঞ্চয়? ভ’রেছো কি কল্পনার কনক-অঞ্চলে চঞ্চল-পবন-ক্লিষ্ট শ্যাম কিশলয়, ক্লান্ত করবীর গুচ্ছ? তপ্ত রৌদ্র হ’তে নিয়েছে কি গলাইয়া যৌবনের সুরা, ঢেলেছো কি উচ্ছলিত তব ছন্দঃস্রোতে, রেখেছে কি করি’ তা’রে অনন্ত মধুরা। এ বসন্তে প্রিয়া তব পূর্ণিমা নিশীথে নব-মল্লিকার মালা জড়াইয়া কেশে, তোমার আকাঙ্ক্ষা-দীপ্ত অতৃপ্ত আঁখিতে যে দৃষ্টি হানিয়াছিল একটি নিমেষে, সে কি রাখো নাই গেঁথে অক্ষয় সঙ্গীতে? সে কি গেছে পুষ্পচ্যুত সৌরভের দেশে? (প্র-জ্যৈষ্ঠ, ১৩০৭। — পূরবী (1925)