৯৬ (ব্রজ-বৃত্তান্ত।) আর কি কাঁদে, লো নদি, তোর তীরে বসি, মথুরার পানে চেয়ে, ব্রজের সুন্দরী? আর কি পড়ে লো এবে তোর জলে খসি অশ্রু-ধারা; মুকুতার কম রূপ ধরি? বিন্দা,— চন্দ্রাননা দূতী— ক মোরে, রূপসি কালিন্দি, পার কি আর হয় ও লহরী, কহিতে রাধার কথা, রাজ-পুরে পশি, নব রাজে, কর-যুগ ভয়ে যোড় করি?— বঙ্গের হৃদয়-রূপ রঙ্গ-ভূমি-তলে সাঙ্গিল কি এত দিনে গোকুলের লীলা? কোথায় রাখাল-রাজ পীত ধড়া গলে? কোথায় সে বিরহিণী প্যারী চারুশীলা?— ডুবাতে কি ব্রজ-ধামে বিস্মৃতির জলে, কাল-রূপে পুনঃ ইন্দ্র বৃষ্টি বরষিলা!