হাত করে মহাজন, হাত করে জোতদার, ব্ল্যাক-মার্কেট করে ধনী রাম পোদ্দার গরীব চাষীকে মেরে হাতখানা পাকালো বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাবও তবু ছাড়ল না তার লোক-মারা স্বভাব ও। একা থাকে, তাই হরি চাকরটা রক্ষী ত্রিসীমানা মাড়ায় না তাই কাক-পক্ষী। বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরিই বাজার করে, সে-ই করে রান্না। এমনি ক’রেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল, বললেন চাকরকে: fকরে ব্যাটা, কি ব্যাপার? এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার? আলু তিন টাকা সের? পটোল পনেরো আনা? ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা? রোজ রোজ চুরি তোর? হতভাগা, বজ্জাত। হাসছিস? এক্ষুনি ভেঙে দেব সব দাঁত। খানিকটা চুপ ক’রে বলল চাকর হরি: আপনারই দেখাদেখি ব্ল্যাক-মার্কেট করি॥ — মিঠেকড়া (1951)