বল তো এই বারের মতো,   প্রভু, তোমার আঙিনাতে       তুলি আমার ফসল যত। কিছু বা ফল গেছে ঝরে, কিছু বা ফল আছে ধরে,       বছর হয়ে এল গত। রোদের দিনে ছায়ায় বসে       বাজায় বাঁশি রাখাল যত॥ হুকুম তুমি কর যদি   চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই,     ওই যে মেতে ওঠে নদী। পার করে নিই ভরা তরী, মাঠের যা কাজ সারা করি,     ঘরের কাজে হই গো রত। এবার আমার মাথার বোঝ     পায়ে তোমার করি নত॥ ২২ চৈত্র [১৩২০] — গীতিমাল্য (1914)