বজ্রে তোমার বাজে বাঁশি,     সে কি সহজ গান?   সেই সুরেতে জাগব আমি     দাও মোরে সেই কান ৷           ভুলব না আর সহজেতে,—           সেই প্রাণে মন উঠবে মেতে           মৃত্যু মাঝে ঢাকা আছে             যে অন্তহীন প্রাণ।   সে ঝড় যেন সই আনন্দে     চিত্ত বীণার তারে   সপ্ত সিন্ধু দশ দিগন্ত     নাচাও যে ঝঙ্কারে।           আরাম হতে ছিন্ন করে           সেই গভীরে লও গো মোরে           অশাস্তির অস্তরে যেথায়             শাস্তি সুমহান॥ ২১ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)