বিশ্ব যখন নিদ্রাগমন গগন অন্ধকার; কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার। নয়নে ঘুম নিল কেড়ে, উঠে বসি শয়ন ছেড়ে, মেলে আঁখি চেয়ে থাকি পাইনে দেখা তার। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পূরে জানিনে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে। কোন বেদনায় বুঝিনারে হৃদয় ভরা অশ্রুভারে, পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার। ৪ বৈশাখ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)