আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল,     গেলরে দিন বয়ে। বাঁধন-হারা বৃষ্টি ধারা     ঝরছে রয়ে রয়ে।         একলা বসে ঘরের কোণে         কি ভাবি যে আপন মনে,         সজল হাওয়া যূথীর বনে            কি কথা যায় কয়ে!         বাঁধন-হারা বৃষ্টিধারা            ঝরছে রয়ে রয়ে। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে     খুঁজে না পাই কুল; সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে     ভিজে বনের ফুল।         আঁধার রাতে প্রহরগুলি         কোন্‌ সুরে আজ ভরিয়ে তুলি,         কোন্‌ ভুলে আজ সকল ভুলি            আছি আকুল হয়ে!         বাঁধন-হারা বৃষ্টি ধারা            ঝরছে রয়ে রয়ে! আষাঢ় ১৩১৬ — গীতাঞ্জলি (1910)