আমারে যদি জাগালে আজি নাথ,  ফিরোনা তবে ফিরোনা, কর     করুণ আঁখিপাত।        নিবিড় বন-শাখার পরে        আষাঢ় মেঘে বৃষ্টি ঝরে,        বাদলভরা আলস ভরে           ঘুমায়ে আছে রাত।        ফিরোনা তুমি ফিরোনা, কর           করুণ আঁখিপাত।  বিরামহীন বিজুলিঘাতে    নিদ্রাহারা প্রাণ  বরষা জলধারার সাথে    গাহিতে চাহে গান।        হৃদয় মোর চোখের জলে        বাহির হল তিমির তলে,        আকাশ খোঁজে ব্যাকুল বলে           বাড়ায়ে দুই হাত।        ফিরোনা তুমি ফিরোনা, কর           করুণ আঁখিপাত। ৩ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)