আমার মুখের কথা তোমার      নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতায় তোমার      নামটি রাখো থুয়ে। রক্তধারার ছন্দে আমার      দেহবীণার তার বাজাক আনন্দে তোমার      নামেরি ঝংকার। ঘুমের ’পরে জেগে থাকুক      নামের তারা তব, জাগরণের ভালে আঁকুক      অরুণ-লেখা নব। সব আকাঙক্ষা-আশায় তোমার      নামটি জ্বলুক শিখা, সকল ভালোবাসায় তোমার      নামটি রহুক লিখা।   সকল কাজের শেষে তোমার      নামটি উঠুক ফ’লে,   রাখব কেঁদে হেসে তোমার      নামটি বুকে কোলে।   জীবনপদ্মে সংগোপনে      রবে নামের মধু,   তোমায় দিব মরণ-ক্ষণে      তোমারি নাম, বঁধু॥ ২ কার্তিক ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)