আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে     বসন্তের এই মাতাল সমীরণে।       যাব না গো যাব না যে,       থাকব পড়ে ঘরের মাঝে,     এই নিরালায় রব আপন কোণে।     যাব না এই মাতাল সমীরণে॥     আমার এ ঘর বহু যতন ক’রে     ধুতে হবে, মুছতে হবে মোরে।       আমারে যে জাগতে হবে,       কী জানি সে আসবে কবে     যদি আমায় পড়ে তাহার মনে।     যাব না এই মাতাল সমীরণে॥ ২২ চৈত্র [১৩২০] — গীতিমাল্য (1914)