আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়    লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে    শাদা মেঘের ভেলা।          আজ ভ্রমর ভোলে মধু খেতে              উড়ে বেড়ায় আলোয় মেতে;          আজ কিসের তরে নদীর চরে                 চখাচখির মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই    যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ    নেব রে লুঠ করে।          যেন জোয়ার জলে ফেনার রাশি              বাতাসে আজ ছুটচে হাসি,          আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি                 কাটবে সকল বেলা। — গীতাঞ্জলি (1910)