৯৯ তব কাছে এই মোর শেষ নিবেদন— সকল ক্ষীণতা মম করহ ছেদন দৃঢ়বলে,​​ অন্তরের অন্তর হইতে প্রভু মোর। বীর্য দেহো সুখের সহিতে, সুখেরে কঠিন করি। বীর্য দেহো দুখে, যাহে দুঃখ আপনারে শান্তস্মিতমুখে পারে উপেক্ষিতে। ভকতিরে বীর্য দেহো কর্মে যাহে হয় সে সফল,​​ প্রীতি স্নেহ পুণ্যে ওঠে ফুটি। বীর্য দেহো ক্ষুদ্রজনে না করিতে হীনজ্ঞান,​​ বলের চরণে না লুটিতে। বীর্য দেহো চিত্তেরে একাকী প্রত্যহের তুচ্ছতার ঊর্ধ্বে দিতে রাখি।   বীর্য দেহো তোমার চরণে পাতি শির   অহর্নিশি আপনারে রাখিবারে স্থির। — নৈবেদ্য (1901)