৭৮ এ কথা স্মরণে রাখা কেন গো কঠিন, তুমি আছ সব চেয়ে,​​ আছ নিশিদিন, আছ প্রতি ক্ষণে— আছ দূরে,​​ আছ কাছে, যাহা-কিছু আছে,​​ তুমি আছ ব’লে আছে।   যেমনি প্রবেশ আমি করি লোকালয়ে,   যখনি মানুষ আসে স্তুতিনিন্দা লয়ে—   লয়ে রাগ,​​ লয়ে দ্বেষ,​​ লয়ে গর্ব তার—   অমনি সংসার ধরে পর্বত-আকার   আবরিয়া ঊর্ধ্বলোক;​​ তরঙ্গিয়া উঠে   লাভজয় লোভক্ষোভ। নরের মুকুটে   যে হীরক জ্বলে তারি আলোকঝলকে   অন্য আলো নাহি হেরি দ্যুলোকে ভূলোকে।   মানুষ সম্মুখে এলে কেন সেই ক্ষণে   তোমার সম্মুখে আছি নাহি পড়ে মনে। — নৈবেদ্য (1901)