সাঁচ্চা লোকের স্বদেশ কোথা? কোথায় গো তার দেশ? যেখানে তার জন্ম ঘটে?—সীমার মাঝে শেষ? চিহ্ন-করা গণ্ডী-ঘেরা ক্ষুদ্র সীমার মাঝে মন কখনো বসতে পারে?—পরাণ কভু বাঁচে? তাই তো! তবে?...সচ্চা লোকের স্বদেশ হ’বে ঠিক নীল আকাশের মতন বিশাল, মুক্ত চতুর্দিক! যে দেশেতে অব্যাহত স্বাধীনতার তান? মানুষ যেথাষ মানুষ এবং মান্য ভগবান? সাঁচ্চা লোকের সেই কি স্বদেশ? প্রবাসী আত্মার আরো বিশাল ক্ষেত্র কি গো হয় নাকো দরকার? তাই তো! তবে?•••সাঁচ্চা লোকের স্বদেশ হ’বে ঠিক নীল আকাশের মতন বিশাল, মুক্ত চতুর্দিক। যেথায় যেথায় পরছে ওগো মানুষ বারম্বার, দুঃখ শোকের শিকল বেড়ী, সুখের পুষ্পহার;— আত্মা যেথায় তপশ্চরণ ক’রে নিরন্তর সত্য ও সুন্দরের দিকে হচ্ছে অগ্রসর, সাঁচ্চা লোকের জন্মভূমি সেই খানেতেই, ঠিক জগৎ-জোড়া স্বদেশ তাহার মুক্ত চতুর্দিক। একটিও, হায়, মানুষ যেথায় কঁদছে সকাতরে, মোদের স্বদেশ সেই যেন হয় ভগবানের বরে; যেখানটিতে একখানি হাত মুছায় দুটি চোখ, জগৎ মাঝে সেইটুকু ঠাই তোমার আমার হোক; সাঁচ্চা লোকের জন্মভূমি সেখানটিতেই ঠিক, বিশ্বজোড়া বিশাল স্বদেশ মুক্ত চতুর্দিক। লাওয়েল।