নীবীবন্ধন আপনি খসিছে, স্ফুরিছে ওষ্ঠাধর, মনে মায়াবীজ বপন ক’রেছে;—সখী, সেকি যাদুকর? যখনি আমার মদন-গোপালে নয়নে দেখেছি, হায়, তখনি পড়েছি ইন্দ্রজালেতে,—সখী লো ঠেকেছি দায়! শুকপাখী এসে চলে গেছে, হায়, মোরে করি’ উদ্ভ্রান্ত, এ যদি কুহক নহে তবে আর কুহক কি তাই জান্‌ ত’। কাল নিশি হ’তে খুন আসি’ চোখে কেবল পাগল করে; স্বপনে সে আসে, জাগিলে লুকায়, মর্ম্ম বিদরে ওরে! সখীরে সে শুধু চুম্বন দিতে চেয়েছিল এ অধরে, তোদের দেখিয়া মদন-গোপাল চ’লে গেছে রোষভরে; খেলা ছলে এসে ভালবাসা সে যে ঢেলে দিয়ে গেছে প্রাণে, হায় সখি, মোর মদন-গোপাল না জানি কি গুণ জানে! তামিল কবিতা।