প্রথম সর্গ কেমনে সংহারি রণে কুরুকুলরাজে, কুরুকুল-রাজাসন লভিলা দ্বাপরে ধর্ম্মরাজ;—সে কাহিনী, সে মহাকাহিনী, নব রঙ্গে বঙ্গজনে, উরি এ আসরে, কহ, দেবি! গিরি-গৃহে সুকালে জনমি (আকাশ-সম্ভবা ধাত্রী কাদম্বিনী দিলে স্তনামৃতরূপে বারি) প্রবাহ যেমতি বহি, ধায় সিন্ধুমুখে, বদরিকাশ্রমে, ও পদ-পালনে পুষ্ট কবি-মনঃ, পুনঃ চলিল, হে কবি-মাতঃ, যশের উদ্দেশে। যথা সে নদের মুখে সুমধুর ধ্বনি, বহে সে সঙ্গীতে যবে মঞ্জ, কুঞ্জান্তরে সমদেশে; কিন্তু ঘোর কল্লোল, যেখানে শিলাময় স্থল রোধে অবিরল গতি;— দাসের রসনা আসি রস নানা রসে, কভু রৌদ্রে, কভু বীরে, কভু বা করুণে— দেহ ফুলশরাসন, পঞ্চফুলশরে।