আর কি আমার নাম করে কেউ আমাদের সেই গাঁয়? ঘাটের পথে,— মাঠের কোলে,— প্রাচীন বটের ছায়? সেই যে, যেথা খেলেছিলাম কতই খেলা, হায়! মাগো, তোমায় মুখ দেখাতে হয় মা আমার ভয়, হতভাগীর এ অপরাধ ক্ষমার যোগ্য নয়;— তবু তোমার আমার লাগি’ অশ্রু আজো বয়। বাবা আমার পুরুষ মানুষ তাঁর ভ্রুকুটি সয়, তুমি নারী,— ওই ত’ বাধা ওইখানেই ত’ ভয়; কেমন করে ছোঁবে?—যে জন ছোঁবার যোগ্য নয়? তবে আজি মর্‌তে বসে ডাক্‌ছি মা তোমায়, ছেলেবেলার মতন আমায় ঘুম পাড়াবি আয়; সাম্‌নে যে না দারুণ আঁধার দৃষ্টি ডুবে যায়! স্টিফেন্ ফিলিপস্।