(মাদাগাস্কার) চারিদিক দেখে যাও এঁকে বেঁকে হে নদ অম্বনালা! অকারণে রেগে দুঃসহ বেগে যেন ঘটায়োনা জ্বালা। শীতে তুমি খাটো শাড়ীর মতন না ঢাকে সকল কায়; লেপ-চাপা-পড়া শিশু সম হাঁফ্‌ লাগাও হে বরষায়! ছুটে ছুটে ছুটে মাথা কুটে কুটে ধূলায় মলিন বেশ, খেটে খেটে খেটে জন্ম কেটেছে কর্ম্মের নাহি শেষ! দিবস যামিনী চলেছ এমনি ছাড়িয়া পাহাড়-চূড়া, পাথর নড়ায়ে চলেছ গড়ায়ে উড়ায়ে সলিল-গুঁড়া।