পীড়িত সিংহ ও অন্যান্য পশু অধিক-বয়স-ভরে হয়ে হীন-গতি, সিংহ কৃশ অতি। জনরব-রূপ-স্রোতে, ভাসাল ঘোষণা-পোতে, এই কথা৷;—“মৃগরাজ মগ্ন রাজকাজে; প্রজাবর্গ, রাজপুরে পূজ কুল-রাজে।” প্রভু-ভক্তি-মদে মাতি কুরঙ্গ, তুরঙ্গ, হাতী, করে করি রাজকর, পালা-মতে নিরন্তর, গেলা চলি রাজ-নিকেতনে, অতি হৃষ্ট মনে। শৃগাল-কুলের পালা আসি উতরিল; কুল-মন্ত্রী সভা আহ্বানিল; কি ভেট, কি উপহার, কি পানায়, কি আহার,— এই লয়ে ঘোর তর্ক-বিতর্ক হইল। হেন কালে আর মন্ত্রী সহাসে কহিল;— “তর্কের যে অলঙ্কার তোমরা সকলে, এ বিশ্বে এ বিশ্ব-জনে বলে; কিন্তু কহ দেখি, শুনি, কেন স্থানে-স্থানে বহুবিধ পদ-চিহ্ন রাজ-গৃহ-পানে?— ফিরে যে আসিছে, তার চিহ্ন কে মুছিল?” চতুর যে সর্ব্বদর্শী, বিপদের জালে পদ তার পড়িতে পারে কোন্‌ কালে?