নারী-বন্দনা। (আরব) বেতসী জিনিয়া নমনীয় তনু,—কিশলয় জিনি’ কচি; বদন-ইন্দু ঘিরি’ কুন্তল রেখেছে যামিনী রচি’! কজ্জল-হীন কাজল-নয়ন রেশমী পক্ষ্মে ঘেরা, কান্ত কোমল ক্লান্ত সে দিঠি সকল দিঠির সেরা; অধর অরুণ দশন তরুণ প্রবালে মুকুতা পাঁতি, ক্ষীণ কটি, গুরু উরু নিতম্ব, জোড়া ভুরু প্রাণঘাতী! এক বৃন্তের দু’টি দাড়িম্ব হৃদি‘পরে হৃদি-লোভা, লঘু পাণি, লঘু চরণ, আঙুলে হেনার রঙীন শোভা।