(সুইডেন্) সিন্ধু-শকুন শুভ্র পাখা হেলিয়ে চ’লে যায় মত্ত তুফান ধ’র্ত্তে আসে,— ভয় করে না তায়! যে দিকে যাক্ ফিরবে কপোত নীড়েই পুনরায়, পরাণ আমার অহর্নিশি তোমার পানে ধায়;— ওগো, মনের মানুষ! জোয়ারের জল হ’ক সে প্রবল, প্রেমের কাছে নয়, পণ্যবহা নদীর মত অগাধ সে প্রণয়॥ ঝরণা জলের মতন বিমল অমি নিরাময়; প্রেমের চোখে তা নাহি সদাই জেগে রয়;— ওগো, মনের মানুষ! অতল-তলে নামতে পারি আনতে মুকুতায়,— যেখানে ঢেউ গুমরে কাঁদে মৌন বেদনায়। বরফ ফুঁড়ে যে ফুল ফোটে পর্ব্বতের চূড়ায়, প্রেমের লাগি আনতে পারি-আনতে পারি তায়;— ওগো, মনের মানুষ!