জগতের বুকে লহরিয়া যায় হরষের হিল্লোল! ফুলে ফুলে দোলে পুলক-পুতলি ফুলে ফুলে ফুল-দোল! উৎসারি’ ওঠে অশেষ ধারায় অভিনব চন্দন; রেণুতে-রসের বাষ্প-অণুতে পুলকের ক্রন্দন! সদ্য মধুতে সৌরভ ওঠে, বায়ু বহে উতরোল! দুলে দুলে ওঠে পরাণ-পুতলি, ফুলে ফুলে ফুল-দোল! চাঁপার বরণ তপনের আলো, চামেলি চাঁদের হাসি, কূলে কূলে আঁখি ভরিয়া ওঠে রে,— অশ্রু-সায়রে ভাসি! কঠিন মাটিতে লহরিয়া যায় হরষের হিল্লোল! হৃদয়-দোলায় পরাণ-পুতলি, ফুলে ফুলে ফুল-দোল! ফুলে ফুলে সুধা-গন্ধ জাগিল। জাগিল কী এক ভাব! হৃদয়ের কোষে হ’ল আজি কোন রসের আবির্ভাব! নয়নে নয়নে নয়ন-পুতলি আলোকেরে দেয় কোল! পরাণ-পুতলি পরাণে পরাণে ফুলে ফুলে ফুল-দোল!