দিবা-স্বপ্ন। সরু গলির মোড়ে, যখন, দিনের আলোক ঝরে, ময়না দাঁড়ে গাহে, এমন গাইছে বছর ধ’রে; সুসান্ যেতে পথে, হঠাৎ শুন্‌তে পেলে গান, শব্দ সাড়া নাইক ভোরে শুধুই পাখীর তান। মন ডুবিল গানে, একি, কি হ’ল ওর আজ,— দেখ্‌ছে যেন, জাগে পাহাড় গাছের পরে গাছ; উজল হিমের ঢেউ চলেছে গলিটির মাঝ দিয়ে, ঘেঁসাঘেঁসি বস্তি মাঝে চল্‌লো নদী ধেয়ে! সবুজ গোঠের ছবি, তাহার পাহাড় দু’টি ধারে, সে পথ দিয়ে গেছে কত কল্‌সী নিয়ে ভ’রে; এক্‌টি ছোট ঘর সে যেন বাবুইপাথীর বোনা, তার চোখে সে ঘরের সেরা, নাইক তার তুলনা; স্বর্গের সুখ পরাণে তা’র; মিলিয়ে আসে ধীরে— ঘোর কুয়াসা, ছায়া, নদী, পাহাড় যত তীরে; বইবে নারে নদী, পাহাড় তুলবে না আর শির, স্বপন টুটে, নয়ন ফুটে, মুছে নয়ন নীর। ওয়ার্ড্‌সোয়ার্থ্।