বিকল ভাবে বিরস ভাবে সারাদিনমান কারা-গৃহের প্রাচীর ’পরে উড়িছে নিশান; বাতাসে তার শব্দ উঠে বিচিত্র সুরে, ক্লান্ত হিয়া আমারে, হায়, অতিষ্ঠ করে! ছাদের কোলে তীব্র আলো গবাক্ষে জাগে, চেয়ে চেয়ে শূন্য নয়ন নির্বাণে মাগে; হাতে শিকল, পায়ে বেড়ি, পরাণ সে অধীর, কারাবাসীর দুঃখে কালো পাষাণের প্রাচীর। পাষাণ প্রাচীর আর্ত্তনাদের আখরে চৌচির, নির্যাতনের নিশান ওড়ে নির্দোষী বন্দীর। উইলিয়ম মরিস।