আত্ম-বিলাপ আশার ছলনে ভুলি কি ফল লভিনু, হায়, তাই ভাবি মনে? জীবন-প্রবাহ বহি কাল-সিন্ধু পানে যায়, ফিরাব কেমনে দিন দিন আয়ুহীন, হীনবল দিন দিন,— তবু এ আশার নেশা ছুটিল না? এ কি দায়! ২ রে প্রমত্ত মন মম! কবে পোহাইবে রাতি? জাগিবি রে কবে? জীবন-উদ্যানে তোর যৌবন-কুসুম-ভাতি কত দিন রবে? নীর-বিন্দু দূর্ব্বাদলে, নিত্য কি রে ঝলঝলে? কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যঃপাতি? ৩ নিশার স্বপন-মুখে সুখী যে, কি সুখ তার? জাগে সে কাঁদিতে। ক্ষণপ্রভা প্রভা-দানে বাড়ায় মাত্র আঁধার পথিকে ধাঁদিতে! মরীচিকা মরুদেশে, নাশে প্রাণ তৃষাক্লেশে — এ তিনের ছল সম ছল রে এ কু-আশার। ৪ প্রেমের নিগড় গড়ি পরিলি চরণে সাদে; কি ফল লভিলি? জ্বলন্ত-পাবক-শিখা-লোভে তুই কাল-ফাঁদে উড়িয়া পড়িলি! পতঙ্গ যে রঙ্গে ধায়, ধাইলি, অবোধ, হায়! না দেখিলি, না শুনিলি, এবে রে পরাণ কাঁদে ৫ বাকী কি রাখিলি তুই বৃথা অর্থ-অন্বেষণে, সে সাধ সাধিতে? ক্ষত মাত্র হাত তোর মৃণাল-কণ্টকগণে কমল তুলিতে! নারিলি হরিতে মণি, দংশিল কেবল ফণী! এ বিষম বিষজ্বালা ভুলিবি, মন, কেমনে! ৬ যশোলাভ লোভে আয়ু কত যে ব্যয়িলি হায়, কব তা কাহারে? সুগন্ধ কুসুম-গন্ধে অন্ধ কীট যথা ধায়, কাটিতে তাহারে,— মাৎসর্য্য-বিষদশন, কামড়ে রে অনুক্ষণ! এই কি লভিলি লাভ, অনাহারে, অনিদ্রায়? ৭ মুকুতা-ফলের লোভে, ডুবে রে অতল জলে যতনে ধীবর, শতমুক্তাধিক আয়ু কালসিন্ধু জলতলে ফেলিস্‌, পামর! ফিরি দিবে হারাধন, কে তোরে, অবোধ মন, হায় রে, ভুলিবি কত আশার কুহক-ছলে!