সোনার খাঁচার বুকে রহিব না আমি আর শ‍ুকের মতন; কি গল্প শ‍ুনিতে চাও তোমরা আমার কাছে—কোন্ গান, বল, তাহ’লে এ-দেউলের খিলানের গল্প ছেড়ে চল, উড়ে চল,— যেখানে গভীর ভোরে নোনাফল পাকিয়াছে,—আছে আতাবন; পউষের ভিজে ভোরে, আজ হায় মন যেন করিছে কেমন;— চন্দ্রমালা, রাজকন্যা, মুখ তুলে চেয়ে দেখ—শ‍ুধাই, শ‍ুন লো, কি গল্প শ‍ুনিতে চাও তোমরা আমার কাছে,—কোন্ গান, বল, আমার সোনার খাঁচা খুলে দাও, আমি যে বনের হীরামন; রাজকন্যা শোনে নাকো—আজ ভোরে আরসীতে দেখে নাকো মুখ, কোথায় পাহাড় দূরে শাদা হয়ে আছে যেন কড়ির মতন,— সেই দিকে চেয়ে চেয়ে দিনভোর ফেটে যায় র‍ূপসীর বুক; তবুও সে বোঝে না কি আমারো যে সাধ আছে—আছে আনমন আমারো যে … চন্দ্রমালা, রাজকন্যা, শোন শোন তোল তো চিবুক। হাড়পাহাড়ের দিকে চেয়ে চেয়ে হিম হয়ে গেছে তার স্তন। — রূপসী বাংলা (1957)