‘বরং নিজেই তুমি লেখোনাকো একটি কবিতা—’ বলিলাম ম্লান হেসে; ছায়াপিণ্ড দিলো না উত্তর; বুঝিলাম সে তো কবি নয়— সে যে আরূঢ় ভণিতা: পাণ্ডুলিপি, ভাষ্য, টীকা, কালি আর কলমের ’পর ব’সে আছে সিংহাসনে— কবি নয়— অজর, অক্ষর অধ্যাপক; দাঁত নেই— চোখে তার অক্ষম পিঁচুটি; বেতন হাজার টাকা মাসে— আর হাজার দেড়েক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি; যদিও সে-সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক চেয়েছিলো— হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি। — শ্রেষ্ঠ কবিতা (1954)