কোথাও চলিয়া যাব একদিন;—তারপর রাত্রির আকাশ অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কত কাল জানিব না আমি; জানিব না কত কাল উঠানে ঝরিবে এই হলুদ বাদামী পাতাগ‍ুলো—মাদারের ডুমুরের—সোঁদা গন্ধ—বাংলার শ্বাস বুকে নিয়ে তাহাদের;—জানিব না পরথুপী মধুকূপী ঘাস কত কাল প্রান্তরে ছড়ায়ে র’বে,—কাঁঠাল-শাখার থেকে নামি পাখনা ডলিবে পেঁচা এই ঘাসে—বাংলার সবুজ বালামী ধানী শাল পশ্‌মিনা বুকে তার—শরতের রোদের বিলাস কত কাল নিঙড়াবে;—আঁচলে নাটার কথা ভুলে গিয়ে বুঝি কিশোরের মুখে চেয়ে কিশোরী করিবে তার মৃদু মাথা নিচু; আসন্ন সন্ধ্যার কাক—করুণ কাকের দল খোড়ো নীড় খুঁজি উড়ে যাবে;—দুপুরে ঘাসের বুকে সিঁদুরের মতো রাঙা লিচু মুখ গ‍ুঁজে প’ড়ে র’বে;—আমিও ঘাসের বুকে র’ব মুখ গ‍ুঁজি: মৃদু কাঁকনের শব্দ—গোরোচনা জিনি রং চিনিব না কিছু— — রূপসী বাংলা (1957)