জীবন অথবা মৃত্যু চোখে র’বে—আর এই বাংলার ঘাস র’বে বুকে; এই ঘাস: সীতারাম রাজারাম রামনাথ রায়— ইহাদের ঘোড়া আজো অন্ধকারে এই ঘাস ভেঙে চ’লে যায়— এই ঘাস: এরি নিচে কঙ্কাবতী শঙ্খমালা করিতেছে বাস: তাদের দেহের গন্ধ, চাঁপাফুল মাখা ম্লান চুলের বিন্যাস ঘাস আজো ঢেকে আছে; যখন হেমন্ত আসে গৌড় বাংলায় কার্তিকের অপরাহ্ণে হিজলের পাতা শাদা উঠানের গায় ঝ’রে পড়ে, পুকুরের ক্লান্ত জল ছেড়ে দিয়ে চ’লে যায় হাঁস, আমি এ ঘাসের বুকে শ‍ুয়ে থাকি—শালিখ নিয়েছে নিঙড়ায়ে নরম হলুদ পায়ে এই ঘাস; এ সবুজ ঘাসের ভিতরে সোঁদা ধুলো শ‍ুয়ে আছে—কাঁচের মতন পাখা এ ঘাসের গায়ে ভেরেণ্‍ডাফুলের নীল ভোমরারা বুলাতেছে—শাদা স্তন ঝরে করবীর: কোন্ এক কিশোরী এসে ছিঁড়ে নিয়ে চ’লে গেছে ফুল, তাই দুধ ঝরিতেছে করবীর ঘাসে ঘাসে: নরম ব্যাকুল। — রূপসী বাংলা (1957)