দূর পৃথিবীর গন্ধে ভ’রে ওঠে আমার এ বাঙালীর মন আজ রাতে; একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে অচেনা ঘাসের বুকে আমারে ঘুমায়ে যেতে বলে, তবুও সে ঘাস এই বাংলার অবিরল ঘাসের মতন মউরির মৃদু গন্ধে ভ’রে র’বে;―কিশোরীর স্তন প্রথম জননী হয়ে যেমন ননীর ঢেউয়ে গলে পৃথিবীর সব দেশে―সব চেয়ে ঢের দূর নক্ষত্রের তলে সব পথে এই সব শান্তি আছে: ঘাস―চোখ―শাদা হাত―স্তন― কোথাও আসিবে মৃত্যু―কোথাও সবুজ মৃদু ঘাস আমারে রাখিবে ঢেকে―ভোরে, রাতে, দু’-পহরে পাখির হৃদয় ঘাসের মতন সাধে ছেয়ে র’বে―রাতের আকাশ নক্ষত্রের নীল ফুলে ফুটে র’বে;―বাংলার নক্ষত্র কি নয়? জানি নাকো; তবুও তাদের বুকে স্থির শান্তি―শান্তি লেগে রয়: আকাশের বুকে তারা যেন চোখ―শাদা হাত―যেন স্তন―ঘাস―। — রূপসী বাংলা (1957)