ধান কাটা হ’য়ে গেছে কবে যেন— খেতে মাঠে প’ড়ে আছে খড় পাতা কুটো ভাঙা ডিম— সাপের খোলস নীড় শীত। এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ— কেমন নিবিড়। ওইখানে একজন শুয়ে আছে— দিনরাত দেখা হ’তো কতো কতো দিন, হৃদয়ের খেলা নিয়ে তার কাছে করেছি যে কতো অপরাধ; শান্তি তবু: গভীর সবুজ ঘাস ঘাসের ফড়িং আজ ঢেকে আছে তার চিন্তা আর জিজ্ঞাসার অন্ধকার স্বাদ। — শ্রেষ্ঠ কবিতা (1954)