আকাশলীনা সুরঞ্জনা, ওইখানে যেওনাকো তুমি, বোলোনাকো কথা ওই যুবকের সাথে; ফিরে এসো সুরঞ্জনা: নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে— আরো দূরে যুবকের সাথে তুমি যেওনাকো আর। কি কথা তাহার সাথে? তার সাথে! আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ: তার প্রেম ঘাস হ’য়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস: বাতাসের ওপারে বাতাস— আকাশের ওপারে আকাশ। — শ্রেষ্ঠ কবিতা (1954)