আজ তারা কই সব? ওখানে হিজল গাছ ছিল এক—পুকুরের জলে বহুদিন মুখ দেখে গেছে তার; তারপর কি যে তার মনে হ’ল কবে কখন সে ঝ’রে গেল, কখন ফুরাল, আহা,—চ’লে গেল কবে যে নীরবে, তাও আর জানি নাকো;—ঠোঁট-ভাঙা দাঁড়কাক ঐ বেলগাছটির তলে রোজ ভোরে দেখা দিত—অন্য সব কাক আর শালিখের হৃষ্ট কোলাহলে তারে আর দেখি নাকো—কতদিন দেখি নাই; সে আমার ছেলেবেলা হবে, জানালার কাছে এক বোলতার চাক ছিল—হৃদয়ের গভীর উৎসবে খেলা ক’রে গেছে তারা কত দিন—ফড়িঙ্ কীটের দিন যত দিন চলে তাহারা নিকটে ছিল—রোদের আনন্দে মেতে—অন্ধকারে শান্ত ঘুম খুঁজে বহুদিন কাছে ছিল;—অনেক কুকুর আজ পথে ঘাটে নড়াচড়া করে তবুও আঁধারে ঢের মৃত কুকুরের মুখ—মৃত বিড়ালের ছায়া ভাসে; কোথায় গিয়েছে তারা? অই দূর আকাশের নীল লাল তারার ভিতরে অথবা মাটির বুকে মাটি হয়ে আছে শুধু—ঘাস হয়ে আছে শুধু ঘাসে? শুধালাম ... উত্তর দিল না কেউ উদাসীন অসীম আকাশে। — রূপসী বাংলা (1957)