আনন্দমঠ — দ্বিতীয় খণ্ড · তৃতীয় পরিচ্ছেদ
শান্তি সাহেবকে ত্যাগ করিয়া হরিণীর ন্যায় ক্ষিপ্রচরণে বনমধ্যে কোথায় প্রবিষ্ট হইল। সাহেব কিছু পরে শুনিতে পাইলেন স্ত্রী কণ্ঠে গীত হইতেছে। এ যৌবন জলতরঙ্গ রোধিবে কে? হরে মুরারে! হরে মুরারে! আবার কোথায় শারঙ্গের মধুর নিক্বণে...