অক্ষয় মার্জিত

জ্ঞানের ঘরে আঁধার

বিদ্যার মন্দিরে কিসের আঁধার?
জ্ঞানের আলোতে কেন এত হাহাকার!
বইয়ের পাতায় আজ জমছে ধুলো,
নীতি আর আদর্শ মানুষ যে ভুলো।
​যোগ্যতা আজ কাঁদে পথের ধারে,
মেধার দাম নেই এ কোন বিচারে?
টাকার পাহাড় দিয়ে কেনা হয় পদ,
শিক্ষার নামে এ যে চরম বিপদ!
​প্রশ্নপত্র আজ বাজারে বিকোয়,
অযোগ্য লোক সব মসনদে শোয়।
বাণিজ্যের রূপ নিল পবিত্র পাঠ,
ভেঙে চৌচির হলো স্বপ্নের খাট।
​শিক্ষক যেথায় আজ নিলামে ওঠে,
সেথায় কী করে আর শতদল ফোটে?
ছাত্রের চোখে নেই সৃষ্টির নেশা,
শিক্ষা কেবলি আজ দামি এক পেশা।
​তবুও তো স্বপ্ন দেখি নতুন ভোরের,
ভাঙবে শিকল এই ঘোর অন্ধকারের।
জেগে উঠুক বিবেক, কাটুক এ রাত,
মেধার আলোয় হোক নতুন প্রভাত।
🔖 সংরক্ষণ ❤️ 0 পছন্দ 💬 0 মন্তব্য ছবি হিসেবে শেয়ার করুন

মন্তব্য ও পছন্দ করতে লগইন করুন।

মন্তব্যসমূহ (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!